Logo
প্রিন্টের তারিখ: 20 February 2026 | প্রকাশের তারিখ: Feb 20, 2026

সংবাদ শিরোনাম : মহাকাশ গবেষণায় বিশ্বকে পিছে ফেলে জয় করলো বাংলাদেশ

মহাকাশ গবেষণায় বিশ্বকে পিছে ফেলে জয় করলো বাংলাদেশ
মহাকাশ গবেষণায় বিশ্বকে পিছে ফেলে জয় করলো বাংলাদেশ, গর্বে ভাসছে ঝিনাইদহ 

ঝিনাইদহ প্রতিনিধি-
মহাকাশে মানুষের বসতি স্থাপন এখন আর কেবল সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাতায় সীমাবদ্ধ নেই। বিজ্ঞানীদের নিরলস গবেষণা এবং প্রযুক্তির উৎকর্ষ আমাদের এই স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসছে। 

​পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই বিকল্প আবাসের কথা ভাবছেন। বর্তমানে নাসা (NASA), স্পেস-এক্স (SpaceX) এবং ইউরোপীয় স্পেস এজেন্সি সংস্থাগুলো এই লক্ষ্যেই কাজ করছে। তবে বসে নেই আমাদের দেশের ক্ষুদে গবেষকরাও। ইতিমধ্যে মাধ্যমিকে লেখাপড়ার পাশাপাশি মহাকাশ গবেষণায় ঝিনাইদহের ৭জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিশ্বকে পিছনে ফেলে প্রথম স্থান (১০ গ্রেড) অধিকার করে রিতিমত তাক লাগিয়ে দিয়েছে এই ক্ষুদে বিজ্ঞানীরা। 

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ন্যাশনাল স্পেস সোসাইটি (NSS) আয়োজিত ২০২৬ সালের “Living in a Healthy Space” প্রতিযোগিতায় অংশ নেয় এই ক্ষুদে বিজ্ঞানীরা। “Stellar Haven: A Vision of Harmony, Health and Progress” উপস্থাপনা করে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে তারা। এরা সবাই ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। গত শনিবার (৩১ জানুয়ারি) এই ফলাফল ঘোষণা করা হয়। শত শত আন্তর্জাতিক প্রকল্পের ভিড়ে তাদের উদ্ভাবনটি বিচারকদের নজর কেড়েছে মূলত তিনটি বিশেষ কারণে বলে জানান এই ক্ষুদে বিজ্ঞানীরা। 

তারা বলেন, মহাকাশের প্রতিকূল পরিবেশে পুষ্টির জোগান, সীমিত সম্পদের সর্বোচ্চ ও টেকসই ব্যবহার এবং জিরো-ওয়েস্ট ফর্মুলার বাস্তবসম্মত প্রয়োগের বিষয়ে আমাদের দেওয়া ধারণা তাদের কাছে যুক্তিযুক্ত ভাবে প্রাধান্য পেয়েছে।

এই অর্জন সম্পর্কে তারা বলেন, গত বছরের ১৯ জুলাই থেকে তারা ৭জন বন্ধু একটি টিম করে গবেষণা শুরু করে। বিজ্ঞানকে জয় করতে তাদেরকে প্রতিটি রাত নির্ঘুম আর অদম্য করে তোলে। চলতি বছরের ৩১ জানুয়ারী রেজাল্ট পেয়ে তাদেরকে বিজ্ঞানের প্রতি আরো অনুপ্রাণিত করে তোলে। এ বছরের জুনের চার থেকে সাত তারিখের মধ্যে তারা যুক্তরাষ্ট্রের ডাকে রওনা হবেন বলে আশা করছেন। 

তারা বলেন, এ গবেষণায় সবথেকে যারা আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন তারা হলো আমাদের পরিবার ও স্কুলের শিক্ষকরা। বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে তাদের এই গবেষণার পথ আরো সুগম করতে পারবেন বলেও জানান এ ক্ষুদে বিজ্ঞানীরা।

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এই ক্ষুদে বিজ্ঞানীরা হলেন,খাজা আতিফ আবিদ, মোঃ তসলিম উদ্দিন, আরেফিন সিদ্দিকী, ওমর ফারুক আল সাবিত, তৌফিক আহমেদ, তাসলিম আহমেদ এবং মোঃ মুনতাসির রহমান বিশ্বাস।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, আমাদের তরুণরা প্রমাণ করে দিয়েছে যে সঠিক সুযোগ আর নিষ্ঠা থাকলে বাংলার গ্রাম থেকেও বিশ্ব জয় করা সম্ভব। এই অর্জন কেবল কোটচাঁদপুরের নয় বরং এটি ১৬ কোটি বাঙালির।

তারা বলেন, আমেরিকার ন্যাশনাল স্পেস সোসাইটির এই স্বীকৃতি প্রমাণ করে যে, বাংলাদেশের তরুণরা এখন আর শুধু স্বপ্ন দেখে না, বরং নাসার মতো বড় বড় প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ গ্রহণ করার সক্ষমতা রাখে। এই জয় ভবিষ্যতের মহাকাশ গবেষক ও বিজ্ঞানীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF